Header Ads

advt-102

গুচ্ছ কবিতা: গণতন্ত্র ২, চেনা , অঙ্গীকার, তিরিক্কি | কৌশিক গাঙ্গুলি

 




কবি কৌশিক গাঙ্গুলির গুচ্ছ কবিতা

 

 

গণতন্ত্র ২

 

সারা দেশজুড়ে বকধার্মিক আর বজ্জাতদের রাজত্ব, 

দেশপ্রেমের সার্টিফিকেট দেয় রাজনৈতিক দল, 

সবাই কাজ করে, 

সবাই ভাল চায় মানুষের, 

দান আর খয়রাতি চলে, 

তবুও ভয় পায় তাই সন্ত্রাস চলে অলিতে গলিতে, মহল্লায়। 

এ ওকে চোর বলে, ও তাকে চোর বলে। 

তবু চোরেদের পিছনে থাকে মানুষের ঢল। 

ভন্ডামির শেষ দেখতে দেখতে শুধুই অন্ধকার। 

দূর থেকে লক্ষ্য রাখে বিষন্ন গণতন্ত্র।

 

 

চেনা 

 

এরকমভাবে চললে

একদিন ক্রুশবিদ্ধ হতে হবে

তবুও অন্যরকম নারী, 

তোমার কপালে ছোঁয়াই হাত, 

এ স্বাধীনতা কার, ঐ শৃঙ্খল কেন, 

অবিরত রক্ত ঝরছে, 

ভেতরে বাইরে চিনে নেওয়া

শত্রু কেবা আর বন্ধু কোনজোন?

 

 

অঙ্গীকার

 

মানুষকে ভালোবাসা যদি অপরাধ হয়

তবে এ অপরাধ আমি হাজারবার করবো রহিম চাচা, 

যতই ঝঞ্ঝা আর অনিশ্চয়তায় ভরা হোক জীবন

তবু শেষ পর্যন্ত তার প্রতি বিশ্বাস রাখবো বাউলদাদু।   

হ্যাঁ আমি সেই ছেলে যে দাপুটে কবিতা পড়ে হাটুরে মানুষদের কাছে, 

যার হৃদয়ে বাস করে লালন, 

প্রতিটি সরল মানুষ আমার দোস্ত, আমার ভাই।

সবল হাতে খুলে দিতে চাই মনের সমস্ত দরজা - জানলা, 

আমায় যে বাউন্ডুলেপনার ছাড়পত্র দিয়েছেন রবিঠাকুর, 

যে প্রতিবাদের ভাষা আমার মননে রেখেছেন কবি সুকান্ত, 

তারপর কি আর কোনো কালো মেঘের আড়ালে লোকানো যায়? 

 

মানুষকে ভালোবাসা যদি অপরাধ হয়

তবে সে অপরাধ আমি হাজারবার করবো রহিম চাচা, 

যতই খারাপ হোক ভবিষ্যৎ  

তবু বিবেকের প্রতি বিশ্বাস রাখবো বাউলদাদু

আর সূর্য স্বাক্ষী রেখে রক্তকরবীর কাছে রেখে যাবো মানুষের কবিতা।

 

 

তিরিক্কি

 

১)

অঙ্ক শিখিনি তাই 

কবি সেজে ভোলাতে চাই 

বাজে অভিনয় ধরা পড়ে যায়। 

২)

ইতিহাস জানতে গিয়ে 

ভূগোলটা ভুলে গেছি তবু 

ঠিক বাড়ি ফিরে আসি। 

৩)

জীবনটা জটিল ধাঁধা 

ভবিষ্যত না গুছিয়ে আমি 

কবিতার প্রেমে পাগল।

 

[কবি পরিচিতি: কৌশিক গাঙ্গুলি। তিনি নিজেকে লেখালিখির হোল টাইমার বলেন। ৩৪ বছর ধরে লেখালিখি করে চলেছেন। এযাবৎ, ১৬টি কবিতার বই ও ৫৭টি কবিতা ফোল্ডার প্রকাশিত হয়েছে। দেশে বিদেশের বহু সাহিত্য পত্রিকায় তাঁর কবিতা প্রকাশিত হয়েছে। তিনি মূলত কবিতা-ই লেখেন। থাকেন আড়িয়াদহ, কলকাতা ৫৭-এ। তাঁর সঙ্গে কথা বলতে মোবাইলে বোতাম চাপুন ৬২৮৯০০৫৩০৪]

 

বিঃদ্রঃ- মতামত বা কবিতার বক্তব্য কবির নিজস্ব।

 


No comments

Powered by Blogger.