আর্জি | বিদ্যুৎ মিশ্র
আর্জি
বিদ্যুৎ মিশ্র
বছর পরে মা দূর্গা
আসছে আবার ঘরে
তাইতো সবাই নতুন কাপড়
নতুন জামা পরে।
মন্ডপে আর প্যান্ডেলে
ভীড় জমিয়ে এসে
ফুর্তি আরও মজা কতো
করছে মিলে মেসে।
ফুচকা আর চাইনিজে
ভীড় সামলানো যায় না
ছোটো খোকা খুকি আবার
জুড়ছে ভীষণ বায়না।
ওদের চাই পটকা বাজি
হাউই আর তুবড়ি
বেলুন পুতুল খেলনা
চকলেট শোন্ পাপড়ি।
এই কটা দিন ভীষণ মজা
শুধুই ঘোরাফেরা
এ সবের মাঝেও কিছু
মানুষ
কাপড় পরে ছেঁড়া।
উপোস করে দিন কাটে আর
মলিন তাদের মুখ
পুজোর দিনেও কেন মাগো
পায় না ওরা সুখ।
এতো বিভেদ কেন মাগো
সবাই তোমার ছেলে
কেও আছে কোলে তোমার
কেও বা এলেবেলে।
আসছে বছর পুজোর সময়
এই ব্যবধান ভুলে
সবাই জেনো এক হয়ে যাই
আর্জি রেখো তুলে।







No comments
Post a Comment