ইচ্ছে করছে | মিলি দাস
ইচ্ছে করছে
মিলি দাস
ইচ্ছে করছে হাত দুটো তোর একটু ছুঁতে
বায়নাগুলো কান্না হয়ে ঘরের কোণে
বাস্তবতা হার মেনে যায় নিজস্বীতে
কথার পিঠে কথা জমে আপন মনে।
ইচ্ছে করছে আগের মত বেড়িয়ে পড়ি
ধুলোর ঘাসে গল্প গাঁথা কাঁধটি ছুঁয়ে
বাউল হয়ে একতারাতে সুর তুলে গায়
ঘুম ভেঙে যায় স্বপ্ন দেখি মাদুরে শুয়ে
ইচ্ছে করছে চোখের সামনে থাকবি বসে
একদৃষ্টে চেয়ে থাকবো তোর দিকেতে
অবাক হয়ে বলবি আমায় কি ভাবছিস?
জানিনা কবে পারবো আবার আঙুল ছুঁতে
ইচ্ছে করছে খুনসুটি আর ঝগড়া করি
সামলে ফেলি মান ভাঙাতে আসবিনা তুই
সভ্যতা ও ভয় পেয়ে আজ বন্ধ ঘরে
নকশী কাথায় নকশা তুলি হাতে নিয়ে সুঁই
ইচ্ছে করছে দোপাটি ফুল তোর হাতে দিই
রাখতে গিয়ে হাত বাড়িয়ে দে বলে দিস
আচমকাতে ছিটকে আসি খানিক দূরে
মুঠোয় পুড়ে বলেছি আমি তুই পরে নিস।
ইচ্ছে করছে মুখ গুঁজে দিই ভিজে বুকে
সারাদিনের ক্লান্তি ঝরা ঘামের জামায়
পিঠের উপর হাত বোলানো রেখা গুলো
কত যুগের প্রাচীন কথা বলছে আমায়
ইচ্ছে করছে উড়ালপুলে ছুট্টে বেড়ায়
পিঠের উপর মাথা রেখে ঘুমিয়ে পড়ি
কাঁচের ভেতর মলীন চোখের প্রতিচ্ছবি
হিমেল হাওয়ায় আরো কাছে জড়িয়ে ধরি
ইচ্ছে করছে আওয়াজ শুনে সামনে ঝুঁকি
তোকে দেখেই দৌড়ে গিয়ে খুলি তালা
কলিং বেলের আওয়াজ গুলো বড্ড বেশি
শব্দগুলো ভেদ করেনি কানে কালা।
ইচ্ছে করছে গ্রীলের ফাকে হাতটি বারায়
কোয়ারান্টিনে আমরা প্রায় দিন তিরিশের
অজানা ভয় আঁকড়ে আছে মনের ভেতর
ভালোবাসার চেয়েও দামি এই জীবনের
ইচ্ছে করছে জলছবি আর আলপনা আঁক
ঘুমের ভিতর আলিঙ্গনে এই বুকেতে
গুটিয়ে থাকা ভয়ার্ত মন ভীষণ পাজি
ইচ্ছে করছে হাত দুটো তোর একটু ছুঁতে।
তারিখ: ২২/৪/২০২০
বেলা একটা







No comments
Post a Comment