অনুপ্রবেশকারী | কবি – সোনালী মীর | কণ্ঠে – সোনালী দাস
কবিতা – অনুপ্রবেশকারী
কবি – সোনালী মীর
কণ্ঠে – সোনালী
দাস
সীমান্ত পেরিয়ে কখন সে চুপিসাড়ে ঢুকে গেছে
বুঝতে পারেনি সীমানা রক্ষক
তারপর শরীর থেকে শরীর
ছুঁয়ে ছুঁয়ে গেছে অস্পৃশ্য থেকে স্পৃশ্যে।
এখন রাস্তায় শুধু মৃত্যু মিছিল
সমবেত শোকের নিদারুণ আলাপন
মৃত্যুরও রং থাকে নাকি কিছু
অন্য কোন ভাষা
অথবা কোন পতাকা!
জল মিশে গেছে জলে।
নাগরিকপঞ্জী হবে কি আবার তবু?
যতজন বেঁচে আছে তার চেয়ে ঢের গেছে মরে
তার চেয়ে অগুনতি অনুপ্রবেশকারীতে ছেয়ে গেছে
প্রতিটি গৃহের কোন।
তবুও হৃদয়ে বিষ ছড়াও কে?
তবুও কেউ কেউ মাতে রক্ত খেলায়,
অকারণে খড়ের বাড়িটার সামনে ধরায় বিড়ি –
আদিম প্রবণতা।
এতদিন মানুষকে ভয় দেখিয়েছে যারা
তাদের চোখে আতঙ্ক দেখার সাধ গেছে মিটে
এতদিন শখ করে মানুষ মারার যুদ্ধ খেলেছে যারা
সেইসব সেনাপতিরা কাঁটাতার পেরিয়ে
অসহায় চোখে গুনে চলেছে গনকবরের কফিন
সীমান্তের বেড়া উড়ে গেছে অজ্ঞাত কারো ফুৎকারে।
অট্টালিকা চিরে ধুলোয় মিশেছে সভ্যতার অহংকার।
এতদিন ঈশ্বর নিয়ে দড়ি টানাটানি খেলেছে যারা
আজ কার দিকে চেয়ে আছে অধীর অপেক্ষায়!
এখনো আলো আছে
এখনো শিখে নিতে পারো মানুষ হবার পাঠ
এখনো সবুজ অরন্যানী বুক পেতে রেখেছে শুধু আমাদের
জন্যই।
১৫/০৪/২০২০
মুর্শিদাবাদের নওদার কবি সোনালী মীর। কলকাতার বাচিক শিল্পী সোনালী দাস।







No comments
Post a Comment