Header Ads

advt-102

এসো কমরেড, চায়ের দোকানে বসি | আরণ‍্যক বসু

 


এসো কমরেড
, চায়ের দোকানে বসি

আরণ‍্যক বসু

 

আমার বুকের নতুন চেতনালোকে,

মুখে কুলুপের প্রশ্নই আনছি না;

যে ভাঙাভাঙিতে ক্ষতবিক্ষত হয়েছি,

চৌষট্টির পার্টি ভাগ মানছি না।

 

এবারে প্রথমে ভুরুগুলো সোজা হোক,

কতকাল ধরে অনড় রথের রশি!

তাচ্ছিল‍্যকে বহু দূরে ছুঁড়ে দিয়ে,

এসো কমরেড, চায়ের দোকানে বসি।

 

সব বন্ধুরা একসাথে মিলে গেলে, 

আমাদের প্রতি বাড়তো সহানুভূতি;

নেতাদের দাদাগিরিতে পড়তো জঙ,

কবে উবে যেতো তাত্ত্বিক খুঁতখুঁতি।

 

আজ থেকে ফের শুরু হোক পথ চলা,

 সাম‍্যবাদের কোনো থেমে যাওয়া নেই; 

জানি, অভিমানে যে এখন সরে গেছে,

বাঁচার স্লোগান তৈরি করেছে সে-ই।

 

কার হাত ধরে বাঁচবেই ভেবেছিলে?

তোমার বন্ধু? সত‍্যিকারের প্রীতি?

তেলে আর জলে মিলেমিশে চিরদিন?

কেন ভুলে গেলে দুঃস্বপ্নের স্মৃতি?

 

আর কতকাল চুরমার হয়ে থাকবো?

আমাদের হাতে লাল নিশান কি ফিকে?

মানুষের থেকে কেন দূরে সরে গেলাম?

আলো, জোছনার গুহামুখ কোনদিকে?

 

(৫ মে, ২০২১)

 


No comments

Powered by Blogger.